নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থার প্রতিবাদ এবং দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে থানারহাট জিরো পয়েন্টে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, সিএনজি চালক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সড়ক ব্যবহারকারী যাত্রীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা দীর্ঘদিন ধরে সড়কটির ভাঙাচোরা ও খানাখন্দে ভরা অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেন।
বক্তারা অভিযোগ করেন, প্রায় এক বছর ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। খানাখন্দ ও ভাঙা অংশ দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বর্ষাকালে সড়কের গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীরাও চরম দুর্ভোগে পড়ছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, থানারহাট থেকে বাংলাবাজার সড়কটি কোম্পানীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। অথচ দীর্ঘদিন ধরে এটি অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে সড়কটি এখন সাধারণ মানুষের কাছে একপ্রকার ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে।
তারা আরও বলেন, সড়কটির ক্ষতির অন্যতম কারণ হলো অতিরিক্ত বালুবাহী ভারী ট্রাকের অবাধ চলাচল। এসব ট্রাক নির্ধারিত ওজনের চেয়ে বেশি বালু বহন করায় নতুন নির্মিত সড়কও অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। তাই শুধু সংস্কার করলেই হবে না, ভারী বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সরকারি অর্থ ব্যয়ে সংস্কার করা সড়ক আবারও অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কার, ভারী যানবাহন নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মতামত