সাভারের আশুলিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ খাগান সড়কের চরম বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত মারাত্মক জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য বিপজ্জনক গর্ত ও মারাত্মক ভাঙন। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজার হাজার মানুষকে।
অঞ্চলটি সাভারের প্রধান শিক্ষানগরী ও শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। এখানে ব্র্যাক ইউনিভার্সিটি (BRAC University), সিটি ইউনিভার্সিটি (City University) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (Daffodil International University)-সহ একাধিক শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং বেশ কিছু গার্মেন্টস কারখানা গড়ে উঠেছে। ফলে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তৈরি পোশাক কারখানার শ্রমিকদের মূল যাতায়াতের অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে সড়কটি।
স্থানীয় বাসিন্দা, চালক ও সাধারণ পথচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারহীন অবস্থায় পড়ে থাকলেও কর্তৃপক্ষ নজর দিচ্ছে না। ফলে একদিকে যেমন ভয়াবহ যানজট লেগে থাকছে, অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে বর্ষার মৌসুমে সামান্য বা ভারী বৃষ্টিপাত হলেই বিপজ্জনক গর্তগুলোতে পানি জমে কাদা-পানিতে একাকার হয়ে যায়। পানির নিচে বড় গর্তগুলো দেখা না যাওয়ায় মোটরসাইকেল, রিকশা, সিএনজি ও ইজিবাইক উল্টে গিয়ে অহরহ ঘট দুর্ঘটনা ঘটছে।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গার্মেন্টস কর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিনিয়ত এই সড়কে যাতায়াত করতে গিয়ে তাদের নির্ধারিত মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং শরীর স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। জীবনের ঝুঁকি এড়িয়ে নিরাপদ চলাচলের স্বার্থে অবিলম্বে সড়কটির টেকসই ও দ্রুত সংস্কার কাজ শুরু করতে তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, আশুলিয়া অঞ্চলের দ্রুত প্রসারিত অবকাঠামোর বিপরীতে যোগাযোগ ব্যবস্থার সমন্বয়হীনতা ও অপ্রতুল সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন স্থানীয় সচেতন মহল।
মতামত