বরগুনার বেতাগী সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে জমা পড়ে থাকা দাবীবিহীন দলিলগুলো ধ্বংস বা বিনষ্ট করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৯ আগস্ট ২০২৬ ইং তারিখের মধ্যে ৫২ (খ) ধারার মূল রশিদ জমা দিয়ে সংশ্লিষ্টদের নিজ নিজ দলিল ফেরত নেওয়ার জন্য জরুরী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্ধারিত সময়ের পর এসব দলিল আইন অনুযায়ী বিনষ্ট বা পুড়িয়ে ফেলা হবে এবং এর পর অফিস কোনো দায়-দায়িত্ব গ্রহণ করবে না।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, নিবন্ধন পরিদর্শক (ঢাকা) ও জেলা রেজিস্টার, বরগুনার স্মারক ও নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ (১৯০৮ সালের ১৬ নং আইন) এবং নিবন্ধন বিধিমালা-২০১৪ এর ১৬ নং বিধি অনুযায়ী ২০১৮ সনের ১৯৪৭ নং দলিল হইতে ২০২১ সনের ১৮৯৭ নং পর্যন্ত (রেজিস্ট্রিকৃত ও অগ্রাহ্যকৃত উভয় প্রকার) সকল দাবীবিহীন দলিল আগামী ১৯/০৮/২০২৬ তারিখ বিনষ্ট করা হবে।
দলিল গ্রহীতা, দাখিলকারী বা তাদের কর্তৃক ক্ষমতাপাপ্ত ব্যক্তিগণকে আগামী ১৯ আগস্টের পূর্বে বেতাগী সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে ৫২ (খ) ধারার অধীন প্রদত্ত মূল রশিদ দাখিল করতে হবে। এছাড়া দলিল ফেরতের সময় প্রযোজ্য ক্ষেত্রে বকেয়া ‘N’ ফিস ও ‘O’ ফিস পরিশোধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, উক্ত সময়সীমার মধ্যে সকল প্রকার দাবীবিহীন দলিল ধ্বংস করা হলেও ‘উইল’ বা ‘অছিয়তনামা’ সংক্রান্ত দলিলগুলো এই বিনাশকরণ প্রক্রিয়ার বাইরে থাকবে।
এ বিষয়ে বেতাগী সাব-রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) আসিফুল হক শোভন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত তারিখ অতিক্রান্ত হওয়ার পর দলিলগুলো ধ্বংস করা হলে পরবর্তীতে সাব-রেজিস্ট্রি কার্যালয় কোনো প্রকার দায়-দায়িত্ব বহন করবে না।
তাই সংশ্লিষ্ট সকল দলিল গ্রহীতা ও মালিকদের অনতিবিলম্বে নির্ধারিত তারিখের মধ্যে বেতাগী সাব-রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করে নিজ নিজ দলিল সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
মতামত