বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের শিক্ষার্থী অহনা জেবিন ইরার চিকিৎসা অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এ দাবিতে তারা উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দিয়েছেন।রবিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে স্মারকলিপিটি উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পায়ের একটি ক্ষত নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে গেলে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও কম্পাউন্ডারের অবহেলার কারণে অহনা জেবিন ইরার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে সংক্রমণ ছড়িয়ে পড়লে তাকে একাধিকবার অস্ত্রোপচার করাতে হয়। এর ফলে তিনি শারীরিক, মানসিক ও শিক্ষাজীবনে মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করা হয়।
শিক্ষার্থীদের উত্থাপিত দাবির মধ্যে রয়েছে ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করা, মেডিকেল সেন্টারের জবাবদিহি ও তদারকি ব্যবস্থা জোরদার করা এবং ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা ও একাডেমিক ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিলে শুধু ভুক্তভোগী শিক্ষার্থীই ন্যায়বিচার পাবেন না, বরং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার প্রতি শিক্ষার্থীদের আস্থাও পুনঃপ্রতিষ্ঠিত হবে।"
মতামত