"প্রতিভার আলোয় আগামীর পথ"—এই স্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনে সুবচন সাহিত্য পরিষদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সিলেট নগরীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সিরাজ উদ্দিন আহমেদ একাডেমিতে দিনব্যাপী আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ১০ জন করে বিজয়ী শিক্ষার্থী, তাঁদের শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং আয়োজন সফল করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্য ব্যক্তিত্ব মুস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বাংলা সাহিত্যের ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিরাজ উদ্দিন আহমেদ একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল আহমেদ সাহিত্যকে জ্ঞান ও মানবিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ ভাণ্ডার হিসেবে উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরেন।
অতিথি বক্তা মনজুর খান বলেন, সাহিত্য সমাজের অন্যায়, বৈষম্য ও অসংগতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। তিনি সাহিত্যকে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শক্তিশালী হাতিয়ার হিসেবে আখ্যায়িত করেন।
সভাপতির বক্তব্যে সুবচন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ছয়ফুল আলম মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শৈশবের সাহিত্যচর্চার স্মৃতিচারণ করে বলেন, সাহিত্য কেবল বিনোদনের বিষয় নয়; এটি ব্যক্তি, সমাজ ও জাতি গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম।
তিনি পরিষদের সাবেক প্রধান পরামর্শক প্রয়াত সি. এন. নবীর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর প্রয়াণকে সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন।
মোহাম্মদ ছয়ফুল আলম বলেন, সাহিত্যকে কেন্দ্র করে সুবচন সাহিত্য পরিষদ দেশ-বিদেশে একটি শক্তিশালী যোগাযোগের সেতুবন্ধন গড়ে তুলেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সংগঠনের কার্যক্রম ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। তিনি পরিষদের বিভিন্ন অর্জন, চলমান কার্যক্রম এবং "WLRO"-এর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় তিনি ব্যক্তিগতভাবে শ্রদ্ধেয় কানিজ ফাতেমার অনুপস্থিতিতে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে "সুবচন ফ্লাডলাইট কাপ-২০২৬" সফলভাবে বাস্তবায়নকারীদের, সংগঠনের বিভিন্ন কমিটির সদস্য এবং সকল শুভানুধ্যায়ীর অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার জনতা টিভিকেও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আন্তর্জাতিক সাহিত্যচর্চার সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানিয়ে আলবেনিয়ার লেখিকা ডায়ানা মেহমেতির সাহিত্যকর্ম সম্পর্কে জানার পরামর্শ দেন। পাশাপাশি তিনি ড. হাভিয়ের গোর্ত লেমুসকে বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিদের একজন হিসেবে উল্লেখ করেন।
সাহিত্য, শিক্ষা ও আন্তর্জাতিক সাংস্কৃতিক সংযোগকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মতামত