ফরিদপুরে ধারালো অস্ত্র দিয়ে মাকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে পূর্বেও একইভাবে সৎ মাকে হত্যার অভিযোগ রয়েছে।
নিহত নারী ওই এলাকার মৃত শেখ আকবরের স্ত্রী সামেলা বেগম (৬০)। তার দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। ছোট ছেলে রাহিম শেখের (৩০) বিরুদ্ধে এ হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ছেলে রাহিম শেখ মানসিক বিকারগ্রস্ত ও মাদকাসক্ত ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় তুচ্ছ কারণে মাঝেমধ্যে তার মায়ের সঙ্গে ঝগড়া হতো এবং কয়েকদিন পূর্বেও শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করা হয়। এর জেরে দুপুর পৌনে ১ টার দিকে বাড়িতে পরিবারের অন্য সদস্যরা না থাকায় ধারালো অস্ত্র দিয়ে তার মাকে কোপাতে থাকে। এতে তার মাথার থেঁতলে মগজ বের হয়ে যায় এবং ঘটনাস্থলে নিহত হয়। পরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখতে পায় প্রতিবেশীরা এবং তারা পুলিশকে খবর দেন।
স্থানীয়রা আরও জানায়, ২০১৬ সালে সৎ মাকেও কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে সে। ওই ঘটনায় প্রায় ৬ বছর কারাগারে ছিলেন। পরে তার বাবা জামিনে বের করে আনেন। এরপরও ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পড়ে সে। এছাড়া তার থাকার ঘরে ইয়াবা সেবনের সরঞ্জামও পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের মেয়ে কাকুলী আক্তার জানান, সকালে ঘুম থেকে উঠে মায়ের সঙ্গে খাওয়া-দাওয়া করে কাজে চলে যাই। আমার ভাই মানসিকভাবে অসুস্থ থাকায় আলাদা ঘরে থাকতে দেয়া হতো। আমি যখন বেরিয়ে যাই তখন ওই ঘরে ঘুমিয়ে ছিল। দুপুরে মাকে মেরে ফেলছে শুনে বাড়িতে ছুটে আসি।
ঘটনাটি নিশ্চিত করে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি আপন ছেলে তার মাকে কোনো কিছু দিয়ে উপুর্যপুরি আঘাত করে পালিয়ে গিয়েছে এবং ঘটনাস্থলে এসে আমরা মরদেহ দেখতে পাই। এছাড়া, তাকে গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে।
মতামত