টঙ্গীর এশিয়া পেট্রোল পাম্পের পাশে জুলাই গণ-অভ্যুত্থানে যৌথ বাহিনীর গুলিতে নিহত হওয়া তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর শিক্ষার্থী নাসির ইসলামের স্মৃতি রক্ষার্থে অবশেষে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। তবে স্থাপিত নামফলকে সম্মানসূচক 'শহীদ' শব্দ যুক্ত না থাকা এবং তাঁর বিস্তারিত পরিচয় ও প্রয়োজনীয় তথ্যাবলীর ঘাটতি থাকায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ২০ জুলাই বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে টঙ্গীর এশিয়া পাম্প এলাকায় যৌথ বাহিনীর গুলিতে নিহত হন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার (টঙ্গী শাখা) আলিম ১ম বর্ষের শিক্ষার্থী নাসির ইসলাম। ঘটনার পর থেকে স্থানীয় শিক্ষার্থী ও সহপাঠীরা ঘটনা ঘটে যাওয়া স্থানে তাঁর স্মৃতি রক্ষার্থে একটি স্থায়ী স্মারক বা স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন।
শিক্ষার্থীদের দাবির মুখে সম্প্রতি স্থানীয় প্রশাসন এশিয়া পাম্পের পাশে নামফলক বা স্মৃতিস্তম্ভটি স্থাপন করে। তবে নামফলকটি উন্মোচনের পরপরই এর নির্মাণশৈলী ও তথ্যাবলী নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। সরেজমিনে দেখা যায়, একই আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত অন্যান্য স্মৃতিস্তম্ভে 'শহীদ' শব্দটি যুক্ত করা হলেও নাসিরের ক্ষেত্রে তা ব্যবহার করা হয়নি। এছাড়া নামফলকটিতে নিহত এই শিক্ষার্থীর পরিচয়, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বা তাঁর আত্মত্যাগের সঠিক প্রেক্ষাপট সম্পর্কিত বিবরণ বাদ পড়েছে।
মাদ্রাসার শিক্ষার্থীদের অভিযোগ, অপরিকল্পিত ও আংশিক তথ্য দিয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণ করে তাঁদের অনুভূতির প্রতি অবহেলা করা হয়েছে। সহপাঠীরা জানান, একজন নিবেদিতপ্রাণ ও মেধাবী শিক্ষার্থীর এই আত্মত্যাগকে সঠিকভাবে সংরক্ষণ করা প্রশাসনের দায়িত্ব ছিল।
এ বিষয়ে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা অবিলম্বে স্মৃতিস্তম্ভটির ভুলত্রুটি সংশোধন করে নাসির ইসলামের নামের পূর্বে সম্মানসূচক 'শহীদ' শব্দ যুক্ত করা এবং তাঁর সঠিক পরিচয় ও আত্মত্যাগের তথ্যসংবলিত নতুন নামফলক পুনর্স্থাপনের জোর দাবি জানিয়েছেন।
এদিকে বিষয়টি সম্পর্কে স্থানীয় প্রশাসনের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বক্তব্য প্রদান না করলেও, ক্ষুব্ধ শিক্ষার্থীরা দ্রত সমাধান না পেলে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
মতামত