নেত্রকোণার কেন্দুয়ায় একুশে পদকপ্রাপ্ত মরমী বাউল সাধক জালাল উদ্দিন খাঁর ৫৪তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভার আয়োজন করেছে কেন্দুয়া লোকজ সাহিত্য আসর।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় কেন্দুয়া প্রেসক্লাব ভবনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সন্ধানে, আমরা মিশি প্রাণে প্রাণে।”
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি তাঁর বক্তব্যে মরমী সাধক জালাল উদ্দিন খাঁর জীবনদর্শন, মানবপ্রেম ও লোকসংস্কৃতিতে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তিনি কেন্দুয়ায় জালাল উদ্দিন খাঁর নামে একটি চত্বর নির্মাণের উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। একই সঙ্গে মাদক ও জুয়া নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা, সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন জালাল উদ্দিন খাঁর নাতি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান। তিনি তাঁর দাদার স্মৃতিচারণ করে বলেন, জালাল উদ্দিন খাঁর গান ও দর্শন গ্রামীণ জনজীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এবং নতুন প্রজন্মের কাছে তাঁর সৃষ্টিকর্ম পৌঁছে দেওয়া সময়ের দাবি।
স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি আব্দুল হাই সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু।
অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মরমী বাউল সাধক জালাল উদ্দিন খাঁ কেবল একজন গীতিকার বা শিল্পী নন; তিনি বাংলা লোকসাহিত্য ও বাউল সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর জীবন ও কর্ম আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
মতামত