নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে পথকুকুরের মাধ্যমে জলাতঙ্কের ঝুঁকি কমানো এবং প্রাণিকল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে রেবিস টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী উদ্যোগে এবং নোয়াখালী ভেট কেয়ারের সহযোগিতায় শুক্রবার (৩১ জুলাই) দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচিতে ক্যাম্পাসের প্রায় ২০টি পথকুকুরকে রেবিসের টিকা দেওয়া হয়। টিকাদান কার্যক্রম পরিচালনা করেন নোয়াখালী ভেট কেয়ারের চিকিৎসক দল। এ সময় স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা পথকুকুর শনাক্তকরণ, নিরাপদভাবে নিয়ন্ত্রণ এবং টিকাদান প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেন।
আয়োজকদের মতে, পথকুকুরকে নিয়মিত রেবিস টিকাদানের আওতায় আনতে পারলে জলাতঙ্ক প্রতিরোধের পাশাপাশি মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা সহজ হবে। যেসব পথকুকুর এবার টিকার আওতায় আসেনি, সেগুলোকেও পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন বলেন, “রেবিস প্রতিরোধে পথকুকুরের টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ যাদের নিরাপদভাবে ধরা সম্ভব হয়েছে, তাদের টিকা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও বাকি পথকুকুরগুলোকে টিকার আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে। এ ধরনের মানবিক উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।”
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন বলেন, “আমরা যত বেশি সম্ভব পথকুকুরকে টিকা দেওয়ার চেষ্টা করেছি। তবে কিছু কুকুর অত্যন্ত ভীতু হওয়ায় নিরাপদভাবে ধরা সম্ভব হয়নি। আশা করছি পরবর্তী কর্মসূচিতে সেগুলোও টিকার আওতায় আসবে।”
তিনি জানান, এর আগেও ব্যক্তিগত উদ্যোগে ক্যাম্পাসের কয়েকটি পথকুকুরের টিকাদানের ব্যবস্থা করেছিলেন। দীর্ঘদিন ধরে নোয়াখালী ভেট কেয়ারের সঙ্গে যোগাযোগের পর এবার ক্যাম্পাসজুড়ে এ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে।
সম্প্রতি ক্যাম্পাসসংলগ্ন এলাকায় কুকুরের কামড়ানোর একটি ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে সুজন বলেন, ঘটনাটির পর অনেকেই ভুলভাবে তাকে দায়ী করেছেন, যদিও সংশ্লিষ্ট কুকুরটি ক্যাম্পাসের নিয়মিত পথকুকুর ছিল না। তিনি বলেন, “আমি সবসময় মানবিক দৃষ্টিকোণ থেকে পথকুকুরকে খাবার দিয়েছি এবং অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেছি। এটি ব্যক্তিগত নয়, বরং প্রাণিকল্যাণের প্রতি একটি মানবিক দায়িত্ব বলে মনে করি।”
মতামত