ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ২নং বৈলর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সম্মূখ বৈলর ধরার খাল সংলগ্ন, মকিমাবাদ আঃ কাদের জিলানী (রহঃ) দাখিল মাদ্রাসার কাছের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
স্থানীয়দের দাবি, সড়কটি ওই এলাকার মানুষের পাশাপাশি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ ও কার্যত একমাত্র পথ। দীর্ঘদিন ধরে রাস্তাটি অবহেলিত অবস্থায় পড়ে থাকলেও এখন পর্যন্ত স্থায়ীভাবে সংস্কার বা পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয়রা জানান, রাস্তাটির বেহাল অবস্থার কারণে জরুরি প্রয়োজনে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। সড়কের অবস্থা দেখে অনেক সময় কোনো যানবাহনও সেখানে যেতে চায় না। ফলে অসুস্থ রোগী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার ও পাকাকরণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে এখনো সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায় বলে জানান তারা।
এ অবস্থায় সম্মূখ বৈলর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি—গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত পাকাকরণ করে স্থায়ীভাবে চলাচলের উপযোগী করা হোক।
জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ত্রিশাল উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি মাননীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
মতামত