যশোরের মণিরামপুর উপজেলার বালিধা গ্রামের যুবক আরিফ হোসেন হত্যা মামলায় সৎ পিতাসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই তারামিয়া আদালতে এ চার্জশিট জমা দেন।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন, মণিরামপুর উপজেলার বালিধা গ্রামের জালাল উদ্দিন গাজীর ছেলে ও নিহতের সৎ পিতা সোহেল মাহমুদ, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রুদাগড়া গ্রামের আরশাদ সরদারের ছেলে এবং বর্তমানে বালিধা গ্রামের বাসিন্দা ফুয়াদ হাসান সৌরভ এবং একই গ্রামের খাঁজা ফকিরের ছেলে মামুন হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আরিফ হোসেনের বাবা আতিয়ার রহমান গরুর ব্যবসা করেন এবং তার মা কাতারপ্রবাসী। আতিয়ার রহমান তার স্ত্রীকে তালাক দেওয়ার পর ছেলে আরিফ ও মেয়ে জুনিয়া আক্তার বাবার বাড়িতে বসবাস করতেন।
চলতি বছরের ১ মার্চ রাতে আরিফ ও তার বাবা একসঙ্গে রাতের খাবার খান। পরে আরিফ স্কুল মাঠে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। ভোরে সেহরির সময় তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা বালিধা গ্রামের বৈরাগী মোড়ের উত্তর বিল এলাকায় আনোয়ারের মাছের ঘেরে আরিফের মরদেহ ভাসতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পরবর্তীতে,নিহতের বোন জুনিয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মণিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকালে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোহেল মাহমুদ ও ফুয়াদ হাসান সৌরভকে আটক করে। পরে অপর আসামি মামুন হোসেনকেও গ্রেপ্তার করা হয়।
তদন্ত সূত্র বলছে, আতিয়ার রহমান তার স্ত্রীকে তালাক দেওয়ার পর সোহেল মাহমুদ ওই নারীকে বিয়ে করেন। প্রবাসী স্ত্রী সোহেল মাহমুদকে একটি মোটরসাইকেল কিনে দেন এবং নিয়মিত টাকা পাঠাতেন। পরবর্তীতে ওই প্রবাসী স্ত্রী সোহেল মাহমুদকে তালাক দেন। এ ঘটনার জন্য আরিফকে সন্দেহ করে তার প্রতি ক্ষোভ পোষণ করতে থাকেন সোহেল মাহমুদ। অভিযোগ অনুযায়ী, সেই ক্ষোভ থেকেই তিনি হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ঘটনার রাতে আরিফকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে সহযোগীদের নিয়ে মরদেহ মাছের ঘেরে ফেলে দেন। মামলার দীর্ঘ তদন্তে আসামিদের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষীদের বক্তব্য এবং অন্যান্য আলামতের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা।
মতামত