সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২০২৫ সালের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী দ্রুত যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে রাজধানীতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
আন্দোলনরত শিক্ষকদের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর সব ধাপ সম্পন্ন হওয়ার পরও চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী এখনো চাকরিতে যোগদানের সুযোগ পাননি। চূড়ান্ত ফল প্রকাশের পর প্রায় ১৭৫ দিন পার হয়ে গেলেও নিয়োগপত্র, যোগদান ও পদায়ন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তাই নিয়োগ বিধিমালা অনুযায়ী আগস্ট মাসের মধ্যেই যোগদান ও বিদ্যালয়ে পদায়নের সুনির্দিষ্ট ঘোষণা চান তারা।
রবিবার (২ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন তারা।সেখান থেকে শাহবাগ মোড়ের দিকে যেতে চাইলে বাধা দিয়েছে পুলিশ। এরপর শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন তারা। এ সময় দাবি আদায়ে তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে। তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।
এর আগে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা আন্দোলনে যোগ দেন।
মতামত