কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার একমাত্র সড়ক, স্থানীয়ভাবে পরিচিত হাসপাতাল রোড, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশ সৃষ্টি হওয়ায় এটি বর্তমানে মানুষের চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন শত শত রোগী, স্বজন ও এলাকার সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করে হাসপাতালে যাতায়াত করছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় ছোটখাটো দুর্ঘটনা ঘটে। বিশেষ করে অসুস্থ রোগী, বৃদ্ধ, শিশু এবং গর্ভবতী নারীদের হাসপাতালে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পৌরসভার রাবারকান্দি এলাকার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো কাদাময় হয়ে পড়ে এবং হাঁটা-চলা প্রায় অসম্ভব হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের জন্য কার্যকর কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, বিগত সরকারের আমলে ড্রেন নির্মাণ ও সড়ক উন্নয়নের কাজ শুরু হলেও তা শেষ হয়নি। ফলে অসমাপ্ত কাজের কারণে দুর্ভোগ আরও বেড়েছে। জলাবদ্ধতার কারণে আশপাশের বসতবাড়ির পাশাপাশি স্থানীয় মুরগির খামারগুলোতেও পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হচ্ছে। এতে খামারিরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এলাকাবাসীর দাবি, হাসপাতালমুখী এই গুরুত্বপূর্ণ সড়ক ও ভাঙাচোরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং অসমাপ্ত উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করা হোক। তাদের মতে, প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ এবং রোগীদের নিরাপদে হাসপাতালে যাতায়াত নিশ্চিত হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
মতামত