হাওর অঞ্চলের যোগাযোগ উন্নয়নে ৮ দফা দাবি সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠনের
সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষের নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে ৮ দফা দাবি উত্থাপন করেছে সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠন, জামালগঞ্জ উপজেলা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, হাওর অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার নানা সংকটে ভুগছেন। বর্ষা মৌসুমে সড়ক ডুবে যাওয়া, ঝুঁকিপূর্ণ সেতু-কালভার্ট, নিরাপদ নৌ-যোগাযোগের অভাব এবং উপজেলা ও জেলা সদরের সঙ্গে নিয়মিত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক ও রোগীরা চরম দুর্ভোগের শিকার হন।
সংগঠনের উত্থাপিত ৮ দফা দাবি—
১. হাওর এলাকায় টেকসই ও উঁচু সড়ক নির্মাণ।
২. ঝুঁকিপূর্ণ সেতু ও কালভার্ট সংস্কার এবং নতুন সেতু নির্মাণ।
৩. বর্ষাকালে নিরাপদ নৌ-যোগাযোগ ও পর্যাপ্ত সরকারি ফেরি/নৌযান চালু।
৪. উপজেলা ও জেলা সদর পর্যন্ত সারা বছর চলাচলযোগ্য যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা।
৫. শিক্ষার্থী, রোগী ও কৃষকের যাতায়াতকে অগ্রাধিকার দিয়ে যোগাযোগ পরিকল্পনা গ্রহণ।
৬. হাওর অঞ্চলের জন্য পৃথক যোগাযোগ উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দ।
৭. দুর্যোগকালীন জরুরি যাতায়াত ও উদ্ধার ব্যবস্থার উন্নয়ন।
৮. স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, হাওর অঞ্চলের মানুষ কোনো বিশেষ সুবিধা নয়, সংবিধানসম্মত সমান উন্নয়নের অধিকার চায়। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠন, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, হাওর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
মতামত