বিশেষায়িত সিলেট হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে কাঁদছিলেন মোরশেদ আলম ও খোরশেদা বেগম। আট মাস বয়সী শিশু বাঁচাতে না পারায় বিলাপ করছিলেন তারা। অক্সিজেন ও আইসিউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) না পাওয়ার অভিযোগ করছিলেন বার বার। যে সময় আইসিইউতে নেওয়া হয়; সে সময় তাদের সন্তান আর জীবিত নেই।
আজ শনিবার হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে এ দম্পতি প্রশ্ন তুলেন সন্তান মারা যাওয়ার পর আইসিউ দিয়ে কী হবে? মারা যাওয়া শিশুর নাম আয়ান। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে।
জানা গেছে, হাম উপসর্গে আয়ানকে গত শুক্রবার সন্ধ্যায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার বাবা মোরশেদ আলম ও মা খোরশেদা বেগম। ওসমানী আইসিইউ না পেয়ে তাকে আজ শনিবার দুপুর ১২টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসেন তারা। কিন্তু সেখানে আইসিইউতে সিট খালি না থাকায় জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়। এক পর্যায়ে ঘণ্টাখানেক পর আইসিইউতে নেওয়া হলেও মারা যায় শিশুটি।
মোরশেদ আলম অভিযোগ করেন, শামসুদ্দিন হাসপাতালে নিয়ে আসার তার সন্তানের অক্সিজেন প্রয়োজনের কথা জানানো হয়। তাকে আইসিইউতে নেওয়ার অনুরোধ করলেও ঘণ্টাখাকে বসিয়ে রাখা হয়। পরে সেখানে তাকে নিলেও ওই সময় তার সন্তান বেঁচে নেই। মোরশেদ দম্পতি প্রশ্ন তুলেন, রোগী মারা যাওয়ার পর আইসিইউতে শয্যা খালি হলো কীভাবে?
এ বিষয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, কোনো রোগীর আইসিইউ প্রয়োজন হলে যোগাযোগ করা হয়। কিন্তু তারা সিট খালি আছে কি না তা না জেনে সরাসরি হাসপাতালে চলে আসেন। শিশুকে যখন নিয়ে আসা হয় তখন আইসিইউতে সিট খালি ছিল না তখন। তাকে জরুরি বিভাগে নিয়ে পর্যবেক্ষণে রাখার পর একটি সিট খালি করে সেখানে নেওয়া হয়। তখন শিশুটি মারা যায়।
এদিকে বিশেষায়িত এ হাসপাতালটিতে আইসিইউ শয্যা সংখ্যা ১৪টি। সেখানে শয্যা খালি নেই। পাশাপাশি হাম উপসর্গে শনিবার আক্রান্ত শিশু ভর্তি রয়েছে ৯০ জন।
মতামত