দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের শাসন-শোষণে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হওয়া বাংলাদেশকে এখন পুনর্গঠন করার উপযুক্ত সময় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ' বিষয়ক তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "ফ্যাসিবাদী শাসন বাংলাদেশকে একটি ঋণনির্ভর ও আমদানিনির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসহ সব ক্ষেত্রে এই ক্ষতিগ্রস্ত রাষ্ট্রটিকে এখন পুনর্গঠন করতে হবে। আর দেশ পুনর্গঠনের এই যাত্রাপথে জাতিসংঘের এসডিজি ভিশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।"
এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার পাঁচ বছর মেয়াদি কৌশলগত অর্থনৈতিক কাঠামো গ্রহণ করেছে, যা জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে এসডিজি লক্ষ্যমাত্রাকে সমন্বিত করেছে।
দলের নীতি ও রাজনৈতিক দর্শনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, "বিএনপির রাজনীতি সবসময়ই জনবান্ধব। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯-দফা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ এবং বর্তমানের ‘৩১ দফা’ রূপরেখা বিশ্লেষণ করলে দেখা যায়, এগুলোর সঙ্গে এমডিজি ও এসডিজির লক্ষ্যমাত্রার গভীর মিল রয়েছে।"
তিনি আরও জানান, সরকারের জননীতি ‘সবার জন্য বাংলাদেশ’ এবং মূল চেতনা ‘কাউকে পেছনে ফেলে নয়’। এ লক্ষ্যে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর থেকেই প্রান্তিক মানুষের সুবিধার্থে ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং চিকিৎসার আধুনিকায়নে ‘ই-হেলথ কার্ড’ কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি সহায়তা ও ভর্তুকি পাচ্ছে। পাশাপাশি স্পোর্টস কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও সব ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানীর আওতায় আনা হয়েছে।
এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
সম্মেলনে প্রধানমন্ত্রী ‘এসডিজি ভিলেজ’ নামে একটি পাইলট প্রকল্পের ঘোষণা দেন। এর আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর—এই তিনটি গ্রামকে বেছে নেওয়া হয়েছে। এসব গ্রামে শিক্ষা, ই-হেলথ, নবায়নযোগ্য জ্বালানি, ইকোট্যুরিজম, স্মল ক্রেডিট ও 'ওয়ান ভিলেজ-ওয়ান প্রোডাক্ট' কর্মসূচি পরীক্ষামূলকভাবে একযোগে প্রয়োগ করা হবে।
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ প্রসঙ্গে তারেক রহমান জানান, বর্তমান সরকার ‘রিকভারি-রিহ্যাবিলিটেশন-রিকন্সট্রাকশন’ (থ্রি-আর) কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে। এসডিজি অর্জনে কেবল সরকার নয়, বরং বেসরকারি খাত, সুশীল সমাজ, গণমাধ্যম ও নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন বলে মত দেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পরিকল্পনা সচিব এস. এম. শাকিল আখতারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত