বান্দরবানের আলীকদম উপজেলায় থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চংলক স্রো (২২) নামে এক ম্রো যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটে উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিদ্যামণি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাদাঝিরি নৌকাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার এসআই নিশাত বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এবং পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের (৫৮ বেঙ্গল) ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল যৌথভাবে অভিযান চালায়। এ সময় চংলক স্রোকে আটক করা হয়।
পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরিহিত কালো রঙের হাফপ্যান্টের ডান পকেট থেকে ১ হাজার ১৯০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১১৬ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
আটক চংলক স্রো আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেনতাম পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মেনথন স্রো এবং মায়ের নাম দিন স্রো।
এ ঘটনায় এসআই নিশাত বড়ুয়া বাদী হয়ে আলীকদম থানায় মামলা করেছেন। মামলাটি ১৩ আগস্ট ২০২৬ তারিখে আলীকদম থানার মামলা নম্বর-০৩ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধারকৃত আলামতসহ আদালতে সোপর্দ করার জন্য বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পুলিশ স্কটে বান্দরবান সদর কোর্টে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে আলীকদম এলাকায় খুচরা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
মতামত