বরগুনার বেতাগী উপজেলায় অনিয়মিত লোডশেডিং এবং বিল জালিয়াতির কারণে স্থানীয় অধিবাসীদের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন ও রাতজুড়ে একের পর এক বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষার্থী, পেশাজীবী এবং ব্যবসায়ীদের চরম ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। তীব্র গরমের মধ্যে একটানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোনো ধরনের আগাম বিজ্ঞপ্তি ছাড়াই দিন-রাত দফায় দফায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ এলেও কিছুক্ষণ পর আবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থা গত কয়েকদিন ধরে ভয়াবহ রূপ নিয়েছে—প্রায় প্রতি এক ঘণ্টা পর পরই বিদ্যুৎ চলে যাচ্ছে। ফলে গৃহস্থালি কাজের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে মারাত্মক স্থবিরতা তৈরি হয়েছে। বর্তমানে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ন্ত্রণাধীন বেতাগী উপকেন্দ্রে প্রায় ৪০ হাজার গ্রাহক রয়েছে।
নিয়মিত বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি ফ্রিল্যান্সিং, ইন্টারনেটনির্ভর কাজ ও কম্পিউটারের ওপর নির্ভরশীল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো অচল হয়ে পড়েছে। সাধারণ দোকানদাররা ভারী লোকসানের মুখে পড়েছেন। ভুক্তভোগীদের মতে, প্রতি মাসে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও গ্রাহকসেবার মান তলানিতে গিয়ে ঠেকেছে। কোনো নির্দিষ্ট সময়সূচি না থাকায় দৈনন্দিন কাজের সময়সূচি নির্ধারণ করাও সম্ভব হচ্ছে না।
এ ছাড়া আঞ্চলিক পর্যায়ে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ৬ নং কাজিরাবাদ ইউনিয়নের চান্দখালী বাজারে একটি বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র স্থাপন করা হলেও তা গ্রাহকদের কোনো কাজে আসছে না বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, কেন্দ্রে যোগাযোগ করেও তারা কোনো কার্যকর প্রতিকার বা সহযোগিতা পাচ্ছেন না। এর ওপর বিদ্যুৎ বিলে মাত্রাতিরিক্ত 'ভুতুড়ে' চার্জ যোগ করার পাশাপাশি মিটার রিডারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। মিটারে মূল যে রিডিং উঠে, বিল তৈরির কর্মীরা তার চেয়ে অনেক বেশি রিডিং খাতায় তুলে গ্রাহকদের বাড়তি বিলের বোঝা চাপিয়ে দিচ্ছেন।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদ্র ব্যবসায়ী শান্তিরঞ্জন বেপারী তাঁর ক্ষোভ প্রকাশ করে বলেন, "গত জুন মাসে আমার বিদ্যুৎ বিল এসেছিল ১,২৭৮ টাকা। কিন্তু জুলাই মাসে তা লাফিয়ে ১,৮২৮ টাকায় পৌঁছায়। অতিরিক্ত ৫৫০ টাকা আসলেও মেনে নেওয়া যেত, যদি বিদ্যুৎ অন্তত ঠিকমতো পেতাম।"
এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বেতাগী উপকেন্দ্রের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মুনতাসির বিন হাসিব জানান, জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়ার কারণেই এই অনাকাঙ্ক্ষিত লোডশেডিং হচ্ছে।
গ্রাহকদের দাবি, অবিলম্বে লোডশেডিং হ্রাস, মিটার রিডারদের স্বৈরাচারী আচরণ বন্ধ, চান্দখালী অভিযোগ কেন্দ্র থেকে কার্যকর সেবা প্রদান এবং অন্তত লোডশেডিংয়ের আগাম সময়সূচি প্রকাশ করে জনগণকে দুর্ভোগ থেকে রক্ষা করা হোক।
মতামত