সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনা রোধে শাখা সংগঠনগুলোর কার্যক্রমকে উৎসাহিত করতে ‘নিরাপদ সড়ক চাই’-এর ১১তম মহাসমাবেশে বিশেষ অবদান রাখা শাখাগুলোকে এ সম্মাননা দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় দিনাজপুরের প্রথম সংগঠন হিসেবে নিসচা ফুলবাড়ী উপজেলা শাখা এ সম্মাননা অর্জন করেছে।
১০ আগস্ট (সোমবার) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে নিসচার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়ের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন নিসচা ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সড়ক নিরাপত্তা আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন, সংগঠনের মহাসচিব লিটন এরশাদসহ কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতৃবৃন্দ।
নিসচা ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ জানান, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে চালক, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত