বরিশালের বানারীপাড়া, পিরোজপুরের নেছারাবাদ ও নাজিরপুর উপজেলার মিলনস্থল বেলুয়া নদীর বৈঠাকাটা ভাসমান বাজারে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ভেলা বাইচ-২০২৬। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নদীর বুকে আয়োজিত ব্যতিক্রমী এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীর ও আশপাশের এলাকায় ভিড় করেন বিপুলসংখ্যক দর্শনার্থী।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শুরু হয় ঐতিহ্যবাহী এ ভেলা বাইচ। প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই বৈঠাকাটা এলাকায় বিরাজ করছিল উৎসবের আমেজ। ছোট ছোট বাহারি ভেলায় প্রতিযোগীরা বৈঠা হাতে নদীতে নেমে পড়েন। প্রতিযোগিতায় অংশ নেওয়া ভেলাগুলোও সাজানো হয় নানা রঙ ও বাহারি উপকরণে।
বাইচকে কেন্দ্র করে নদীর দুই তীর, বিভিন্ন নৌযান ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নানা বয়সী মানুষ নৌকায় ও নদীর তীরে অবস্থান নিয়ে প্রতিযোগীদের উৎসাহ দেন। ঢাক-ঢোলের শব্দ, দর্শকদের উল্লাস আর প্রতিযোগীদের বৈঠার ছন্দে পুরো নদীজুড়ে ছড়িয়ে পড়ে প্রাণচাঞ্চল্য।
দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও উপভোগ করেন গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌক্রীড়া। অনেকে মোবাইল ফোনে ধারণ করেন প্রতিযোগিতার বিভিন্ন মুহূর্ত। নদীর বুকে একের পর এক ভেলার দৌড় এবং দর্শকদের উচ্ছ্বাসে বৈঠাকাটা ভাসমান বাজার এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশীয় নৌক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
ভেলা বাইচের আয়োজনে ছিলেন শাহারিয়া পারভেজ, সজিব আহমেদ, নাইমুল ইসলাম মিঠু, রিয়াজ (রেকি), মেহেদী হাসান ও মো. আরিফ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের জন্য রাখা হয় আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে LED টিভি, দ্বিতীয় পুরস্কার সাউন্ড বক্স এবং তৃতীয় পুরস্কার হিসেবে বাটন ফোন নির্ধারণ করা হয়।
ঐতিহ্যবাহী এ ভেলা বাইচকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজক ও স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নৌক্রীড়াগুলো সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছেও এসব ঐতিহ্য তুলে ধরা সম্ভব হবে।
মতামত