মাগুরার শালিখা উপজেলায় ১৬ পিস ইয়াবাসহ রানা মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি শালিখা ইউনিয়নের উত্তর শরশুনা গ্রামের ইউনুস মোল্লার ছেলে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে শালিখা ইউনিয়নের উত্তর শরশুনা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির আঙিনা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমানের নির্দেশনায় এসআই সায়দুল খালাসি, এসআই সাহিদুল ইসলাম, এএসআই মিজানুর রহমান, এএসআই রকিবুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। এ সময় রানা মোল্লার কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শালিখা থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, ১৬ পিস ইয়াবাসহ রানা মোল্লাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শালিখা থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতামত