পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
‘অস্ত্রের ঝনঝনানি ও চাঁদাবাজি বন্ধ করো’—এই প্রতিপাদ্যে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
পিসিএনপি নেতারা অভিযোগ করেন, পাহাড়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে কৃষক, ব্যবসায়ী, নির্মাণশ্রমিক ও দিনমজুরদের নিয়মিত চাঁদা দিতে হচ্ছে। উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে চাঁদা আদায়ের কারণে পাহাড়ের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামও বাড়ছে বলে দাবি করেন তারা।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা পাহাড়ে অস্ত্রের রাজনীতি বন্ধের দাবি জানান। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অপহরণ, গুম ও হত্যাকাণ্ডের মতো অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন।
এ সময় বক্তব্য দেন পিসিএনপির জেলা সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবালসহ সংগঠনের স্থানীয় নেতারা।
মানববন্ধন থেকে পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
মতামত