সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে উন্নয়নের নামে প্রায় ৪,৫০০ গাছ কাটার অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা। বক্তারা দাবি করেন, সড়ক ও জনপথ বিভাগের কোনো চলমান উন্নয়ন প্রকল্প না থাকা সত্ত্বেও বন বিভাগ ফলদ, বনজ ও ওষধি গাছ কেটে উজাড় করছে।
সমাবেশে জানানো হয়, ইতোমধ্যে এক হাজারের বেশি গাছ কেটে ফেলা হয়েছে। ৩০-৩৫ হাজার টাকা দামের গাছ বিক্রি করতেছে ৪-৫ হাজার টাকা। গাছ কাটার সঙ্গে জড়িত বন বিভাগের সিন্ডিকেটের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি, অবিলম্বে গাছ কাটা বন্ধ এবং সামাজিক বনায়নের সুবিধাভোগীদের প্রাপ্য লভ্যাংশ বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
বক্তারা আরও চার দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে গাছ কাটা বন্ধ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি এবং অবৈধভাবে গাছ বিক্রির পরিকল্পনায় জড়িত বন বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সিন্ডিকেটের বিরুদ্ধে জেলা প্রশাসকের আইনি ব্যবস্থা গ্রহণ।
হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতারা ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে হাওর অঞ্চলের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জ বন বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এ বিষয়ে সুনামগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, সুনামগঞ্জ থেকে সাচনাবাজার পর্যন্ত সড়ক সম্প্রসারণের জন্য গাছ কাটা হচ্ছে। লট ক্রেতারা অর্থ জমা দিয়ে কার্যাদেশ গ্রহণ করেছেন এবং গাছ কর্তনের কাজ চলমান রয়েছে।
অন্যদিকে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাজেদুর রহমান বলেন, টুকের বাজার থেকে সাচনাবাজার পর্যন্ত সড়কে বর্তমানে তাদের কোনো চলমান প্রকল্প বা সড়ক প্রশস্তকরণের কাজ নেই। তাই গাছ কাটার সঙ্গে সওজের কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি জানান।
মতামত