আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদ ছড়াচ্ছে—এমন অভিযোগ তুলেছেন বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার। বেতাগী প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
লিখিত বক্তব্যে আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার জানান, তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করবেন। তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি রাজনৈতিক প্রতিপক্ষ মহল দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন:
সম্প্রতি বিবিচিনি দেশান্তরকাঠী খন্দকার বাড়ির একটি শালিস বৈঠকে মারামারির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় এক পক্ষকে দিয়ে তার সম্পৃক্ততার মিথ্যা অপবাদ দিয়ে কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে।
তিনি স্পষ্টভাবে দাবি করেন যে, উক্ত শালিস বৈঠকের দিন তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
পুরো ঘটনার একটি সুষ্ঠু তদন্ত ও ফয়সালা দাবি করেছেন তিনি। পাশাপাশি বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার বাড়ির এই সমস্যা সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করছেন বলে তিনি উল্লেখ করেন।
ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত এই নেতা জানান, বিগত সরকারের আমলে তিনি একাধিকবার জেল-জুলুম ও হামলা-মামলার শিকার হয়েছেন। বর্তমানে তিনি বেতাগী উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক এবং ২০২৬ সালের সংসদ নির্বাচনে বিবিচিনি ইউনিয়নের ধানের শীষ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
পরিশেষে, ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত ষড়যন্ত্রকারীদের এহেন অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বিবিচিনি ইউনিয়নের হাজারো বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ তাকে চেনেন ও জানেন, তাই ষড়যন্ত্রকারীদের এই মিথ্যা অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মতামত