জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে সরকারি হাসপাতালে রোগী রেখে পাশের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার অভিযোগ উঠেছে ডা. মোর্শেদুল ইসলামের বিরুদ্ধে। এ সময় স্থানীয়রা তাকে ডায়াগনস্টিক সেন্টারে অবরুদ্ধ করেন। পরে পুলিশ ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তাকে সরকারি হাসপাতালে নিয়ে যান।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রোগীদের অভিযোগ, ওই সময় ডা. মোর্শেদুল ইসলামের সরকারি হাসপাতালে দায়িত্ব পালন করে রোগী দেখার কথা ছিল। তার কাছে চিকিৎসা নিতে কয়েকজন রোগী অপেক্ষা করছিলেন। এর মধ্যে একটি ফোন পেয়ে তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি হাসপাতালে ফিরে না আসায় অপেক্ষমাণ রোগীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা ইয়াসমিন নামে এক রোগী বলেন, ‘ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তিনি ফোন পেয়ে উঠে চলে যান। পরে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেও তাকে পাইনি।’
পরে স্থানীয়রা খোঁজ নিয়ে হাসপাতালের পাশের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ডা. মোর্শেদুল ইসলামকে দেখতে পান। স্থানীয়দের দাবি, ওই সময় তিনি সেখানে একজন রোগী দেখছিলেন।
স্থানীয় সিফাত হোসেন বলেন, ‘দুপুর ১২টার দিকে তার সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু তাকে পাশের ডায়াগনস্টিক সেন্টারে দেখে আমাদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা সেখানে গিয়ে তাকে অবরুদ্ধ করেন।’
খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশের সদস্য ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ডা. মোর্শেদুল ইসলামকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অভিযোগের বিষয়ে ডা. মোর্শেদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বলেন, ‘কে বলেছে আপনাকে ভাই? আমি পাঁচ মিনিট পর আপনাকে ফোন ব্যাক করছি।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে পরে ডা. মোর্শেদুল ইসলাম বলেন, ‘আমি দুপুর সাড়ে ১২টার দিকে ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলাম। সেখানে আমার কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট চাওয়া হয়েছিল। সেগুলো জমা দেওয়ার জন্যই সেখানে যাই। ওই সময় আমার সামনে কোনো রোগী ছিল না। রোগী দেখার জন্য কোনো প্যাড, খাতা বা কলমও ছিল না। সেখানে অনেক লোকজন উপস্থিত ছিলেন।’
তিনি আরও বলেন, ‘আমি ওই ডায়াগনস্টিক সেন্টারে সপ্তাহে একদিন রোগী দেখি। তবে ঘটনার সময় আমি কোনো রোগী দেখছিলাম না।’
এ বিষয়ে জয়পুরহাটের সিভিল সার্জন ডা. আল মামুন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। সরকারি দায়িত্ব পালনকালে কোনো চিকিৎসক ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেছেন কি না, বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সরকারি দায়িত্ব পালনের সময় কোনো চিকিৎসক বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখতে পারেন কি না এবং ওই সময় তিনি দায়িত্বে অনুপস্থিত ছিলেন কি না—তা তদন্তের পরই স্পষ্ট হবে।
মতামত