যশোরের মণিরামপুরে বিদ্যুৎ রেশনিং পদ্ধতিতে সরবরাহের কারণে জনজীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠেছে। তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দিনের পাশাপাশি রাতেও একাধিকবার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। অনেক এলাকায় নামমাত্র বিদ্যুৎ থাকার পর দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বাস্তবচিত্রে, স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা, দোকানপাট, অনলাইনভিত্তিক কাজ, শিক্ষার্থীদের পড়াশোনা এবং দৈনন্দিন গৃহস্থালি কার্যক্রমেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লোডশেডিংয়ের কোনো নির্দিষ্ট সময়সূচি তারা ঠিকমতো জানেন না। ফলে কখন বিদ্যুৎ থাকবে বা কখন থাকবে না, গেলে আসবে কখন তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। সারা দিনের কর্মব্যস্ততার পর রাতে বিশ্রামের সময়ও বিদ্যুৎ চলে যাওয়ায় মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর তথ্য অনুযায়ী, সমিতির আওতাধীন এলাকায় বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ১৫০ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে প্রায় ১১৫ থেকে ১২০ মেগাওয়াট। ফলে চাহিদার তুলনায় প্রতিদিনই বড় ধরনের ঘাটতি থাকছে।
বিদ্যুৎ সমিতি-২ এর সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, মণিরামপুরে স্বাভাবিক সময়ে প্রায় ১৪ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে প্রায় ৮ থেকে ৯ মেগাওয়াট। অর্থাৎ চাহিদার তুলনায় উল্লেখযোগ্য ঘাটতি থাকায় বাধ্য হয়ে রেশনিং করতে হচ্ছে।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘যে পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি, সেই অনুপাতে রেশনিং করতে হচ্ছে। তাই নির্দিষ্ট সময় বিদ্যুৎ দিয়ে আবার লোডশেডিং দিতে হচ্ছে।’
শুধু মণিরামপুর নয়, জাতীয় সংকটেও রয়েছে এর প্রভাবঃ মণিরামপুরের বিদ্যুৎ সংকটকে কেবল স্থানীয় বিতরণ ব্যবস্থার সমস্যা হিসেবে দেখলে দেশের পুরো চিত্রটি পাওয়া যাবে না। সাম্প্রতিক সময়ে সারা দেশেই বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। সব মিলিয়ে সারা দেশে লোডশেডিং হচ্ছে, তবে এলাকাভেদে এর মাত্রা কম-বেশি হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
বর্তমানে বাংলাদেশে দৈনিক বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৫ হাজার থেকে ১৭ হাজার মেগাওয়াটে পৌঁছায়। এর বিপরীতে গ্যাস ও কয়লা সংকটের কারণে দেশের প্রকৃত উৎপাদন গড়ে ১৩ হাজার ৯০০ থেকে ১৫ হাজার মেগাওয়াটের মধ্যে ওঠানামা করে। এই অভ্যন্তরীণ উৎপাদনের পাশাপাশি দেশের চাহিদা সামাল দিতে প্রতিদিন প্রায় ২ হাজার ৬৯৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। তবে তীব্র গরম ও জ্বালানি ঘাটতির কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পিক-আওয়ারে (সর্বোচ্চ চাহিদার সময়ে) দৈনিক বিদ্যুৎ ঘাটতি বা লোডশেডিংয়ের পরিমাণ প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৬৯৫ মেগাওয়াট পর্যন্ত দাঁড়িয়েছে।
বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের ঘাটতি বিদ্যুৎ উৎপাদনে বড় প্রভাব ফেলছে। আগস্টের মাঝামাঝি সময়ে এলএনজি সরবরাহে বিঘ্ন ও গ্যাস সংকটের কারণে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমে যায়। সাম্প্রতিক সময়ে এলএনজি সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিদ্যুতের ঘাটতি কাটেনি। জাতীয় পর্যায়ে গ্যাসের চাহিদা ও সরবরাহের বড় ব্যবধান বিদ্যুৎ উৎপাদনকে আরও চাপে ফেলছে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সাম্প্রতিক বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাস সরবরাহ পরিস্থিতি। গত ৪ আগস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানিয়েছিলেন, গ্যাস সরবরাহ সংকটের কারণে সৃষ্ট বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং হচ্ছে এবং পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে বলে সরকার আশা করছে।
অর্থাৎ জাতীয় পর্যায়ের জ্বালানি সংকট কাটাতে সময় প্রয়োজন, এমন বার্তাই সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে।
এদিকে জাতীয় পর্যায়ের জ্বালানি সংকটের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে মাঠপর্যায়ে।
মাঠপর্যায়ে সাধারণ মানুষের প্রশ্ন হলো? চলমান এই সংকটের দীর্ঘমেয়াদি সমাধান না হওয়া পর্যন্ত তাদের দুর্ভোগ কমানোর জন্য কী কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? কারণ বিদ্যুৎ সংকট কেবল একটি বাতি বা ফ্যান বন্ধ থাকার বিষয় নয়। বরং অনিয়মিত দীর্ঘস্থায়ী লোডশেডিং -এ দেশ সহ স্থানীয় অর্থনীতির ওপরও তিব্র প্রভাব ফেলছে।
স্থানীয় সচেতন মহলরা বলছেন, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাস সংকটের বাস্তবতা তারা বোঝেন। কিন্তু সংকট যতদিন থাকবে, ততদিন অন্তত এলাকাভিত্তিক সরবরাহ ব্যবস্থাপনা আরও কার্যকর ও পূর্বানুমানযোগ্য করার দাবি তাদের। একই সঙ্গে লোডশেডিংয়ের সময়সূচি সম্পর্কে আগাম তথ্য এবং সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান তারা।
আবার দিনের পর দিন এই অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ আরো কত দিন চলবে বা চলতে থাকলে স্বাভাবিক জীবনযাত্রা কতটা বিপর্যস্ত হয় বা হচ্ছে, সেটিও সংশ্লিষ্টদের বিবেচনায় রাখা উচিত।




মতামত