বগুড়ার ধুনটে সামাজিক ও মানবসেবামূলক সংগঠন 'আল ইহসান ব্লাড নেটওয়ার্ক'-এর নবগঠিত কমিটি দায়িত্ব গ্রহণের প্রথম এক মাসেই ৪৫ ব্যাগ রক্তদান সম্পন্ন করেছে। এর মাধ্যমে পূর্বের ও বর্তমান কমিটির সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি মোট ২০০ জন রোগীকে বিনামূল্যে রক্ত দান করে ২০০টি পরিবারের পাশে দাঁড়ানোর মাইলফলক স্পর্শ করলো।
৩০শে আগস্ট(রবিবার) সংগঠনের ডোনার সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান এক বিজ্ঞপ্তিতে প্রথম মাসের এই রক্তদানের হিসাব প্রকাশ করেন। গত ২৬ জুলাই ২০২৬ তারিখে ধুনট মডেল মসজিদের হলরুমে আনুষ্ঠানিকভাবে আল ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল। দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মাথায় এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছে সংগঠনের শুভাকাঙ্ক্ষীরা।
প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসে সংগৃহীত ৪৫ ব্যাগ রক্তের মধ্যে রয়েছে: A+ (৭ ব্যাগ), A- (১ ব্যাগ), AB+ (৯ ব্যাগ), AB- (১ ব্যাগ), B+ (১৩ ব্যাগ) এবং O+ (১৪ ব্যাগ)।
সংগঠনের পক্ষে সর্বোচ্চ ডোনার সংগ্রহকারীদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন মুহাম্মাদ মাহদী হাসান (১১ জন)। এছাড়া মুহাম্মাদ জাবের আহমদ ১০ জন, মুহাম্মাদ আবু ইউসুফ ৫ জন এবং আশেকে এলাহি শিবলী ৪ জন রক্তদাতা সংগ্রহ করেন। পাশাপাশি সংগঠনের আরও একাধিক সদস্য ১ থেকে ২ জন করে ডোনার সংগ্রহে ভূমিকা রাখেন।
প্রথম মাসের সাফল্য নিয়ে ডোনার সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, "এত অল্প সময়ে ৪৫ ব্যাগ রক্ত সংগ্রহ করতে পেরে আমরা আনন্দিত। সকল সদস্যের পরিশ্রম ও মেধার ফলেই এটি সম্ভব হয়েছে। আমাদের এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। মানবসেবায় জীবনের শেষ দিন পর্যন্ত আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।"
সংগঠনের এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে পরিচালক হামজালা আল আজাদী নবগঠিত কমিটিকে মোবারকবাদ জানিয়েছেন। সভাপতি মাওলানা মোঃ রবিউল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক জাবের আহমেদ সকল সদস্য ও রক্তদাতাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সাংগঠনিক সম্পাদক এ কে আব্দুল্লাহ বলেন, "আমাদের যৌথ প্রচেষ্টায় ইতিমধ্যেই ২০০ জন মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে সহায়তা করা সম্ভব হয়েছে। এই ২০০টি পরিবারের মুখের হাসি ও দোয়াই আমাদের শ্রেষ্ঠ অর্জন। রক্তদানের পরিধি বাড়াতে আগামীতে আমরা বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মশালার আয়োজন করার পরিকল্পনা করছি।"
মানবতার সেবায় নিবেদিত আল ইহসান ব্লাড নেটওয়ার্কের এই প্রশংসনীয় উদ্যোগ স্থানীয় সুশীল সমাজের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মতামত