মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের একজনের কাছ থেকে চুরি হওয়া একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) কুলাউড়া শহরের বিভিন্ন বাসাবাড়িতে জানালা দিয়ে মোবাইল ফোন চুরি, ঘরে প্রবেশ করে গ্যাস সিলিন্ডার ও অন্যান্য মালামাল চুরি এবং সাইকেল চুরিসহ একাধিক ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের জলু মিয়ার ছেলে তাজুল ইসলাম (২৬), দিঘীরপাড়-জয়পাশা এলাকার বদরুল মিয়ার ছেলে শাহজাহান মিয়া (২৫) এবং জতনমুড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল হামিদ (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় রাত, ভোর কিংবা দিনের সুযোগ বুঝে বাসাবাড়িতে প্রবেশ করে মোবাইল ফোন, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল চুরি করতেন বলে অভিযোগ রয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ করে সন্ধ্যার দিকে বাসাবাড়ির লোকজন ঘরের বাতি বন্ধ করে বাজার-সদাই করতে কিংবা ঘুরতে বাইরে গেলে সুযোগ বুঝে ওত পেতে থাকা চোরেরা ওই বাসায় চুরির ঘটনা ঘটায়।
তিনি বলেন, ‘সন্ধ্যায় অথবা দিনের যেকোনো সময় বাসা একা রেখে বের হবেন না। ঘরে কাউকে না কাউকে রাখার চেষ্টা করুন। সবাই সচেতন হলে চোরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।’
ওসি আরও বলেন, ‘আসুন, সবাই মিলে কুলাউড়া থানা ও উপজেলাকে নিরাপদ, বাসযোগ্য ও চোরমুক্ত করে তুলি।’
গ্রেপ্তারকৃত তিন আসামিকে সোমবার (৩১শে আগস্ট) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি জহিরুল ইসলাম মুন্না।
মতামত