নোয়াখালীর সেনবাগে মাসব্যাপী দেশীয় শিল্পপণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ছমির মুন্সিরহাট বাজারসংলগ্ন সেনবাগ স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহসিয়া তাবাসসুম।
সেনবাগ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশীয় বিভিন্ন শিল্পপণ্য, পোশাক, হস্তশিল্প, খাদ্যসামগ্রীসহ নানা ধরনের পণ্যের স্টল স্থান পেয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেএমআই গ্রুপের পরিচালক মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, সদস্য সচিব ও কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব শহিদ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল্লাহ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, ডমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালা উদ্দিন লিটন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মোকারম হোসেন এবং মেলার আয়োজক নিজাম উদ্দিন ভূঁইয়া।
বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে সেনবাগ স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলার চর্চা না থাকায় এলাকার যুবক ও কিশোরদের একটি অংশের খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ সীমিত হয়ে পড়ে। এ কারণে বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয় বলেও তারা উল্লেখ করেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের অভাবে স্টেডিয়ামটি অপরিচ্ছন্ন হয়ে পড়েছিল।
বক্তারা আরও বলেন, বর্তমানে সেনবাগ স্টেডিয়ামকে আবার খেলাধুলার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুকের উদ্যোগ এবং সংশ্লিষ্টদের সহযোগিতায় স্টেডিয়ামের পরিবেশ উন্নয়ন ও সংস্কার কার্যক্রম এগিয়ে চলছে।
তারা বলেন, স্টেডিয়ামকে কেন্দ্র করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি স্থানীয় মানুষের জন্য সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং দেশীয় শিল্পপণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যেই মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, মেলা চলাকালে প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষের ব্যাপক সমাগম ঘটবে। বিশেষ করে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন শিল্পপণ্য ও হস্তশিল্পের প্রচার-প্রসারে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। মেলাকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী, দর্শনার্থী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মতামত