গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গোবিপ্রবি সাহিত্য সংসদের উদ্যোগে ‘সংসপ্তক সাহিত্য আড্ডা’ শীর্ষক মুক্ত পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। গোবিপ্রবি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কাউছার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
প্রথমেই কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় পাঠচক্র। নিজের লেখা কবিতা আবৃত্তি করেন দিগন্ত বিশ্বাস। তাঁর কবিতায় উঠে আসে শান্তির আকাঙ্ক্ষা ও মানুষের সেই শান্তির খোঁজে ছুটে চলার বিষয়টি। কবিতার ভাবনায় ফুটে ওঠে—মানুষ শান্তির জন্য নানা কিছু করলেও প্রকৃত শান্তি যেন কোথাও আটকে আছে, অধরাই থেকে যাচ্ছে।
শেখ আল-আমিন কথা বলেন ‘অ্যালসেস্টিস’ নিয়ে।
ইউরিপিডিসের ‘অ্যালসেস্টিস’ গ্রিক সাহিত্যের এক ব্যতিক্রমধর্মী নাটক, যেখানে মৃত্যু ও শোকের মধ্যেও ভালোবাসা, বন্ধুত্ব এবং আশার জয় দেখা যায়। থেসালির রাজা অ্যাডমেটাসকে মৃত্যুর হাত থেকে বাঁচার সুযোগ দিয়েছিলেন দেবতা অ্যাপোলো—তার পরিবর্তে অন্য কেউ জীবন দিলে তিনি বেঁচে থাকবেন। কিন্তু বাবা-মা ও কাছের মানুষদের কেউ নিজের জীবন দিতে রাজি না হলেও স্ত্রী আলকেস্টিস স্বামীর জন্য নিজের জীবন উৎসর্গ করেন আলকেস্টিসের মৃত্যুর পর অ্যাডমেটাস গভীর অনুশোচনা ও শোকে ভেঙে পড়েন। এ সময় তাঁর বন্ধু হারকিউলিস প্রাসাদে এসে বিষয়টি জানতে পারেন। বন্ধুর আতিথেয়তা ও মহত্ত্বে মুগ্ধ হয়ে তিনি আলকেস্টিসকে মৃত্যুর কাছ থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। শেষ পর্যন্ত হারকিউলিস তাঁকে জীবিত অবস্থায় অ্যাডমেটাসের কাছে ফিরিয়ে দেন। ঘোমটা সরিয়ে স্ত্রীকে জীবিত দেখতে পাওয়ার মুহূর্তেই নাটকের বেদনাময় পরিবেশ বদলে যায় আনন্দময় পুনর্মিলনে। নাটকটি মুলবার্তা দেয় শুধু স্বামীর জন্য স্ত্রীর আত্মত্যাগের গল্প নয়; এর ভেতরে মানুষের স্বার্থপরতা, ভালোবাসা, কৃতজ্ঞতা, বন্ধুত্ব ও দায়িত্ববোধের প্রশ্নও রয়েছে। অ্যাডমেটাস নিজের জীবন বাঁচাতে অন্যের আত্মত্যাগ গ্রহণ করলেও পরে বুঝতে পারেন, প্রিয় মানুষকে হারিয়ে বেঁচে থাকার মূল্য কতটা কঠিন। অন্যদিকে আলকেস্টিস নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক এবং হারকিউলিস বন্ধুত্ব ও কৃতজ্ঞতার প্রতীক হয়ে ওঠেন। সবচেয়ে বড় শিক্ষা হলো—ভালোবাসা শুধু পাওয়ার বিষয় নয়, প্রয়োজনে ত্যাগ করারও নাম; আর সত্যিকারের বন্ধুত্ব হলো বিপদের সময়ে বন্ধুর পাশে দাঁড়ানো। একই সঙ্গে নাটকটি মনে করিয়ে দেয়, জীবনে শোক ও মৃত্যুর অন্ধকার থাকলেও ভালোবাসা, মানবিকতা ও আশার আলো মানুষকে আবারও জীবনের দিকে ফিরিয়ে আনতে পারে।
আলোচনার পর কতকগুলো প্রশ্ন জাগে সবার মনে—নারীবাদ কী, নারী কেন ত্যাগ স্বীকার করবে? নারীবাদ নিয়ে কথা বলেন নিঘাত রুদ্রৌ। এ বিষয়ে কথা বলেন শান্ত শাহরিয়ার।
এরপর গালিবা আনতারা সোয়ারা কথা বলেন মহীয়সী, বীরাঙ্গনা নারী রমা চৌধুরীকে নিয়ে। মুক্তিযুদ্ধের নির্মমতা ও সন্তান হারানোর শোক বুকে নিয়েও আজীবন লড়াই করে গেছেন কবি ও বীরাঙ্গনা রমা চৌধুরী। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি হারিয়েছিলেন ঘর ও নিজের লেখা। স্বাধীনতার পর একে একে হারান তিন সন্তান—সাগর, টগর ও টুনুকে।
তবু থেমে যাননি। লিখেছেন ‘একাত্তরের জননী’। জীবিকার প্রয়োজনে নিজের বই নিজেই রাস্তায় বিক্রি করেছেন, কখনো খালি পায়ে। ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মারা যান।
রমা চৌধুরীর জীবন বলে যায়—যুদ্ধ শেষ হলেও মানুষের ভেতরের যুদ্ধ সবসময় শেষ হয় না।
তাঁর আলোচনার মাধ্যমে শেষ হয় আজকের পাঠচক্র।
আয়োজকরা জানান, "ক্যাম্পাসে এই পাঠচক্রের পরিধি আরও বিস্তৃত করা হবে, ছাত্র শিক্ষকসহ সকল অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।"
পাঠ চক্র শেষে বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম গোপালগঞ্জ ইউনিট এর সৌজন্যে অংশগ্রহণকারীদের মধ্যে শুভেচ্ছা স্মারক হিসেবে বই উপহার দেওয়া হয়।
মতামত