ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে গ্রাম আদালতের সেবা ও এর নানা সুবিধা তুলে ধরতে একটি প্রচারণা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় 'দারিদ্র ও প্রতিবন্ধী বিমোচন সমাজকল্যাণ সংস্থা' (ওএপিডি)-এর উদ্যোগে এবং সাভার উপজেলা আউটরিচ প্রোগ্রামের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত দেওয়ানী ও ফৌজদারী মামলা পরিচালনার নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
গ্রাম আদালতের সেবা ও প্রধান সুবিধাসমূহ:
স্বল্প খরচ: দেওয়ানী মামলার জন্য মাত্র ২০ টাকা এবং ফৌজদারী মামলার জন্য মাত্র ১০ টাকা ফি দিয়ে সাধারণ মানুষ সেবা নিতে পারেন।
দ্রুত নিষ্পত্তি: দীর্ঘসূত্রতা ছাড়া মাত্র ৭ থেকে ৯০ দিনের মধ্যে বিরোধের সুরাহা করা হয়।
সহজ প্রবেশাধিকার: বাংলাদেশের যেকোনো ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকেই এ বিচারিক সেবা নেওয়া সম্ভব।
সভায় 'দারিদ্র ও প্রতিবন্ধী বিমোচন সমাজকল্যাণ সংস্থা' (ওএপিডি)-এর পরিচালক ও সমন্বয়কারী জনাব মো: তাইজুল ইসলাম এবং 'বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প'-এর সাভার উপজেলা কো-অর্ডিনেটর ঠাকুর প্রসাদ রায় মূল আলোচনা পরিচালনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে সংস্থার প্রতিনিধি ডাক্তার মোঃ রবিউল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মোঃ মিজানুর রহমান, ফুলবাড়িয়া আবু বকর সিদ্দিক জামে মসজিদের ইমাম জনাব মো: লোকমান হোসেন, স্থানীয় শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং কিশোর-কিশোরীরা উপস্থিত ছিলেন। বক্তারা স্বল্প খরচে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের সুবিধা গ্রহণ করতে গ্রামীণ জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানান।
মতামত