যশোর সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ১৮ হাজার টাকার ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল পৃথক অভিযানে এসব মালামাল আটক করে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ১৪৫টি শাড়ি, ২ কেজি জিরা, ৮০ প্যাকেট ফুসকা, ৬ দশমিক ৫ কেজি কিসমিস, ৬৫০ প্যাকেট খাদ্যসামগ্রী, ২৬৬টি চকলেট এবং ১ হাজার ২৬টি কসমেটিক্স সামগ্রী।
বিজিবি জানায়, আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচারের সঙ্গে জড়িত চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত