ভালোবাসার টানে বাড়ি ছেড়ে যাওয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় কারাগারে রয়েছে দিনাজপুর শহরের এক কিশোর। সদ্য এসএসসি পাস করা ছেলের এমন পরিণতিতে দিশেহারা হয়ে পড়েছেন তার বাবা-মা। ছেলের ভবিষ্যৎ ও আইনি জটিলতা নিয়ে উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের।
দিনাজপুর শহরের মুন্সিপাড়া এলাকার মো. সুজনের ছেলে মো. রইস উদ্দিন ওরফে রোজ। মামলার এজাহারে তার বয়স ১৯ বছর উল্লেখ করা হয়েছে। তবে তার জন্মনিবন্ধন সনদ অনুযায়ী জন্মতারিখ ৬ জুলাই ২০১০। এ নিয়ে বয়সের অসঙ্গতি রয়েছে বলে দাবি পরিবারের।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পাস করে রইস উদ্দিন। এরই মধ্যে স্থানীয় এক কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৪ আগস্ট তারা দিনাজপুর থেকে পার্বতীপুর হয়ে ঢাকায় যায়। পরে চট্টগ্রামে অবস্থানকালে ১৯ আগস্ট পুলিশ তাদের আটক করে। পরদিন তাদের দিনাজপুরে নিয়ে আসা হয়।
এরপর ওই কিশোরীর পরিবারের করা এজাহারের ভিত্তিতে রইস উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
রইসের পরিবারের দাবি, বয়সের অপরিপক্বতা ও আবেগের বশে সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এর পরিণতিতে তাকে মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ পরিবারের।
ছেলের এমন আকস্মিক পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছেন তার মা-বাবা। তারা জানান, সদ্য এসএসসি পাস করা ছেলের সামনে ছিল উচ্চশিক্ষা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। এখন সে কারাগারে থাকায় তার পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন।
পরিবারের ভাষ্য, তারা আর্থিকভাবে অসচ্ছল। ফলে দীর্ঘ আইনি লড়াই চালানো এবং জামিনের জন্য প্রয়োজনীয় ব্যয় বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় ছেলের বয়স ও ভবিষ্যতের বিষয়টি বিবেচনা করে আইনগত সহায়তার আবেদন জানিয়েছেন তারা।
পরিবারের সদস্যরা আইনজীবী, প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। তাদের আশা, বিষয়টি আইনগতভাবে সঠিকভাবে যাচাই করে কিশোরটির ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টরা মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন।
সচেতন মহলের মতে, কৈশোরে আবেগ ও অপরিপক্বতার কারণে অনেক কিশোর-কিশোরী নানা জটিলতায় জড়িয়ে পড়ছে। এসব ঘটনায় পারিবারিক সচেতনতার পাশাপাশি কিশোরদের বয়স ও মানসিক পরিপক্বতা বিবেচনায় নিয়ে আইনগত প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।
তবে মামলার অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ার আগে কাউকে দোষী হিসেবে বিবেচনা করা যায় না। একই সঙ্গে জন্মনিবন্ধনসহ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে কিশোরটির প্রকৃত বয়স নির্ধারণ এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার।
মতামত