যেখানে মানুষের জীবন রক্ষার জন্য চিকিৎসাসেবা দেওয়া হয়, সেই সরকারি হাসপাতালের ভেতরেই গড়ে উঠেছে মাদকসেবীদের নিরাপদ আস্তানা। বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের চতুর্থ তলা এখন ইয়াবাসেবীদের অবাধ বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিন অনুসন্ধানে সেখানে মাদকসেবীদের দেখা না গেলেও ইয়াবা সেবনের একাধিক আলামত পাওয়া গেছে, যা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে।
সম্প্রতি হাসপাতালের নতুন ভবনের নির্জন চারতলায় গিয়ে দেখা যায়, বিভিন্ন কোণ ও আড়ালে ছড়িয়ে রয়েছে ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার, পোড়া দিয়াশলাইয়ের কাঠি এবং অন্যান্য উপকরণ। এসব আলামত স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘদিন ধরে ওই স্থানটি মাদকসেবনের জন্য ব্যবহৃত হয়ে আসছে।
স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র হাসপাতালের নির্জন পরিবেশকে কাজে লাগিয়ে নিয়মিত সেখানে মাদকসেবন করছে। দিনের বেলায় রোগী ও স্বজনদের আনাগোনা থাকলেও রাত নামলেই হাসপাতালের কিছু অংশ কার্যত নজরদারির বাইরে চলে যায়। এ সুযোগে মাদকসেবীরা নির্বিঘ্নে সেখানে প্রবেশ করে বলে অভিযোগ তাদের।
স্থানীয় বাসিন্দারা বলছেন, একটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড চলতে থাকলে তা শুধু হাসপাতালের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করে না, রোগী, নারী ও শিশুদের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলে। হাসপাতালের নিরাপত্তাবেষ্টনী থাকা সত্ত্বেও কীভাবে মাদকসেবীরা নিয়মিত প্রবেশ করছে, সে প্রশ্ন এখন জনমনে।
হাসপাতালের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সচেতন মহল বলছে, মাদকসেবীদের অবাধ বিচরণ হাসপাতালকে অপরাধপ্রবণ গোষ্ঠীর আশ্রয়কেন্দ্রে পরিণত করার ঝুঁকি তৈরি করছে। বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোহাম্মদ হানিফ বলেন, হাসপাতালের ভেতরে মাদকসেবনের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের মদদদাতাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে তিনি হাসপাতালের তীব্র জনবল সংকটের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এত বড় স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র একজন ক্লিনার ও একজন নাইটগার্ড দিয়ে পরিচালিত হচ্ছে। পরিচ্ছন্নতা ও প্রশাসনিক কাজ সচল রাখতে ব্যক্তিগত অর্থায়নে আরও দুজন ক্লিনার নিয়োগ দিতে হয়েছে। কিন্তু এত বড় ভবনে সীমিত জনবল দিয়ে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন।”
এদিকে হাসপাতালের সার্বিক নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত সংখ্যক সিকিউরিটি গার্ড নিয়োগ, সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং মাদকসেবনের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
তাদের মতে, মানুষের চিকিৎসা ও নিরাপত্তার জন্য নির্মিত একটি হাসপাতাল কোনোভাবেই মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হতে পারে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপই পারে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে।
মতামত