সুনামগঞ্জ শহরে আলোচিত হামলার ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি শ্রাবণকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের দাসহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম জানতে পারেন, আলোচিত মামলার এজাহারভুক্ত আসামি শ্রাবণ দিরাই থানার দুর্গম এলাকায় অবস্থান করছেন। পরে তার নির্দেশে এসআই ইকবাল ও এএসআই পলাশের নেতৃত্বে একটি পুলিশ দল দিরাই থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, নদীপথে প্রায় দুই ঘণ্টা ট্রলারযোগে যাত্রা করে ভাটিপাড়া ইউনিয়নের দাসহাটি এলাকায় পৌঁছে আসামির অবস্থান শনাক্ত করা হয়। এরপর প্রায় আধা ঘণ্টার অভিযানের পর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শ্রাবণকে পুলিশ গ্রেপ্তার সক্ষম হয়।
সুনামগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, শহরে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড যাতে আর না ঘটে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।
আটক শ্রাবণের বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
মতামত