গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কমলাপুর গ্রামের জোড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুকসুদপুর উপজেলার খান্দারপাড় গ্রামের সুমন মোল্যা (২৪), তার সহোদর লিমন মোল্লা (২১) এবং একই উপজেলার ঝুটিগ্রামের আসাদ মুন্সী (৪৫)।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কমলাপুর গ্রামের জোড়া ব্রিজ এলাকায় একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত কয়েকজন আসামি অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও অভিযানে তিনজনকে আটক করা সম্ভব হয়।
পরে তাদের পরিচয় ও আদালতের ওয়ারেন্ট সংক্রান্ত তথ্য যাচাই করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত