যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার ৭০০ টাকা মূল্যের শাড়ি, থ্রি-পিস ও কসমেটিকস সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
আটক মালামালের মধ্যে রয়েছে ২২টি শাড়ি, ১টি থ্রি-পিস ও ৭৪টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার ৭০০ টাকা।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত