বান্দরবানের আলীকদমে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় বিভিন্ন স্থানে আড্ডা দেওয়া, অহেতুক ঘোরাঘুরি ও ক্যারাম খেলাসহ বিভিন্ন কারণে পাঁচ কিশোরকে সতর্কতামূলকভাবে আটক করা হয়।
পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে কিশোরদের ভবিষ্যৎ নিরাপত্তা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। অভিভাবকদেরও সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, আটক কিশোরদের কাছ থেকে ভবিষ্যতে সদাচরণ ও অপরাধে না জড়ানোর মুচলেকা নেওয়ার পর অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
মতামত