দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্র দোহাজারীকে ‘দোহাজারী-সাঙ্গু’ উপজেলা ও থানা হিসেবে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। শনিবার (১০ অক্টোবর) দুপুরে দোহাজারী সদর এলাকার হাজারী শপিং সেন্টারের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় তিন হাজার মানুষ অংশ নেন। প্রায় ১৫০টি রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে দাবি বাস্তবায়নে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতা ও প্রশাসনের সহযোগিতায় অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। কর্মসূচীতে বক্তারা
বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, বাণিজ্যিক গুরুত্ব ও ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় বৃহত্তর দোহাজারী উপজেলা গঠনের দাবি দীর্ঘদিনের। তাঁদের অভিযোগ, প্রস্তাবিত দোহাজারী-সাঙ্গু উপজেলা বা থানা গঠনের উদ্যোগ বাস্তবায়ন না করে সাতকানিয়া অংশের ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হলে দোহাজারী ও ধোপাছড়িকে বঞ্চিত করা হবে।
বক্তারা দাবি করেন, নিকার অনুমোদনপ্রাপ্ত আটটি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত দোহাজারী-সাঙ্গু উপজেলা বা থানা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। দোহাজারীকে বাদ দিয়ে কোনো বিকল্প প্রশাসনিক কাঠামো তাঁরা মেনে নেবেন না বলেও স্পষ্ট করেন। তাঁদের মতে, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আন্দোলন, ইতিহাস-ঐতিহ্য এবং পূর্বপুরুষদের আত্মত্যাগের সঙ্গে এ দাবির গভীর সম্পর্ক রয়েছে।
সমাবেশ থেকে আন্দোলনকারীরা জানান, দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পর্যায়ক্রমে মশাল মিছিল, বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচি ও কালো পতাকা মিছিল করা হবে। এরপর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং দোহাজারী-কক্সবাজার রেলপথ অবরোধের মতো কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তাঁরা। প্রয়োজনে অনির্দিষ্টকালের অবরোধ ও আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে বলে জানান বক্তারা।
আন্দোলনকারীরা বলেন, শনিবারের আধা ঘণ্টার অবরোধ ছিল দাবির গুরুত্ব তুলে ধরার একটি প্রাথমিক পদক্ষেপ। তাঁরা দ্রুত সরকারি উদ্যোগের মাধ্যমে দোহাজারী-সাঙ্গু উপজেলা ও থানা বাস্তবায়নের দাবি জানান। তাঁদের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় জনগণ প্রশাসনিক সেবা আরও সহজে পাবেন এবং দক্ষিণ চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে।
মতামত