কিশোরগঞ্জের হোসেনপুরে বসতঘরের তালা কেটে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সিদলা ইউনিয়নের চর বিশ্বনাথপুর (ভাটিপাড়া) গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মোঃ কফিল উদ্দিন (৫২) ব্যবসার কাজে বাড়ির বাইরে থাকায় গত ১০ অক্টোবর রাতে তার স্ত্রী ও দুই ছেলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টার দিকে গেটের তালা ভাঙার শব্দ শুনতে পান তারা।
শব্দ শুনে তারা গেটের সামনে গেলে সংঘবদ্ধ চোরচক্র তাদের চোখে-মুখে পানির মতো স্প্রে ছিটিয়ে দেয়। এরপর তারা অচেতন হয়ে পড়েন। এ পর্যন্তই তারা বলতে পারেন।
পরে ভোর ৪টার দিকে জ্ঞান ফিরলে তারা জেগে উঠে ঘরের ভেতর সবকিছু এলোমেলো দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হন। ততক্ষণে চোরচক্র ঘরের দরজা ও আলমারির তালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার যার বাজার মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, শাড়ি-লুঙ্গিসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুস সালাম বলেন, "দীর্ঘদিন ধরে এ এলাকাটি খুব নিরব ছিল। চুরি, মাদক, জুয়া বন্ধ ছিল। কিন্তু হঠাৎ করেই চুরি, ছিনতাই, মাদক বেড়ে গেছে। উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, প্রতি রাতে অন্তত একবার চর বিশ্বনাথপুর ভাটিপাড়া এলাকায় পুলিশি টহল দেওয়া হোক।"
এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি রাশেদুল ইসলাম জানান, "অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মতামত