দিনাজপুরের পার্বতীপুরে নির্মাণকাজের পারিশ্রমিক ও রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় মনোরঞ্জন রায় (৫৫) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন আশিকুজ্জামান আলো মিয়া (৩৫) ও আসাদুজ্জামান (৩২)। তাঁরা ওই গ্রামের মোস্তাহার হোসেনের ছেলে।
রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মিডিয়া সেল জানায়, নির্মাণকাজের পারিশ্রমিক, ইউক্যালিপ্টাস গাছের কাঠের হিসাব ও শ্রমিকদের মজুরি বণ্টন নিয়ে কাঠমিস্ত্রি ফরতাজ হোসেনের সঙ্গে প্রয়াত শিক্ষক আজিজুল হকের ছেলে আল-রোমানের বিরোধ চলছিল। এ ছাড়া বাড়ির পাশের রাস্তার জমি নিয়ে আল-রোমানের পরিবারের সঙ্গে আশিকুজ্জামান ও আসাদুজ্জামানের পূর্ববিরোধ ছিল।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঘটনার দিন দুপুরে ফরতাজ হোসেন, আশিকুজ্জামান ও আসাদুজ্জামান আল-রোমানদের বাড়িতে গেলে তাঁর মা রোমানা আক্তারের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এ সময় বিরোধ মীমাংসার জন্য সেখানে যান মনোরঞ্জন রায়। তিনি প্রয়াত শিক্ষক আজিজুল হকের বন্ধু ছিলেন এবং দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের দেখাশোনায় সহযোগিতা করতেন।
একপর্যায়ে মনোরঞ্জন রায়কে সজনে গাছের ডাল ও লাঠি দিয়ে মারধর করা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। তিনি সরে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ধাওয়া করে আবারও মারধর করা হয়। পরে তিনি পাশের ধানক্ষেতে পড়ে যান। তাঁকে উদ্ধার করে আজিজুল হকের বাড়িতে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পার্বতীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে ঘটনার পরপরই আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়। পরে সোমবার (২৬ অক্টোবর) ভোর ৪টার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের হাসিমপুর এলাকায় অভিযান চালিয়ে আশিকুজ্জামান আলো মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চক সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়িও ওই এলাকায়। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় এ ঘটনায় অভিযান চালানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মিডিয়া সেল।
মতামত