চট্টগ্রামের বোয়ালখালীতে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, গাছের চারা বিতরণ এবং অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
গত শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উৎসবমুখর পরিবেশে র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
কর্মসূচিতে বিএনপি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশিন প্রত্যাশা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম ও জাবেদ মেহেদী হাসান সুজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান, সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ নুরুন্নবী চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী আবু আকতার, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূমন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহীনুর ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। র্যালি শেষে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে তাঁদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ কেবল সৌন্দর্যের প্রতীক নয়, বরং সুস্থ, সুন্দর ও সচেতন সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তাঁরা আরও বলেন, পরিচ্ছন্নতার চর্চা শুরু করতে হবে নিজের ঘর ও আঙিনা থেকেই। ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই গড়ে তোলা সম্ভব পরিচ্ছন্ন বাংলাদেশ। তাই পরিচ্ছন্নতাকে শুধু নির্দিষ্ট কোনো কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে।
মতামত