জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল ‘শিউলিমালা’র বাইরের দেয়ালে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে হলের সীমানাপ্রাচীরের বাইরে এ ঘটনা ঘটে। তবে নিরাপত্তাবেষ্টনী থাকায় বোমাটি হলের ভেতরে ঢুকতে পারেনি এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার ইলিয়াস হোসেন জানান, রাত ১০টার দিকে তিনি দোকানে চা বানাচ্ছিলেন। হঠাৎ কাচের বোতল ভাঙার বিকট শব্দ শুনতে পান। দোকান থেকে বের হয়ে দেখেন চারপাশে পেট্রোলের গন্ধ ছড়িয়ে পড়েছে এবং হলের দেয়ালের নিচে আগুন জ্বলছে। তাঁকে দেখে এক যুবক দৌড়ে গিয়ে একটি মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। মোটরসাইকেলটিতে আগে থেকেই আরও দুজন বসে ছিল।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলিম মিয়া বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
মতামত