১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সংগত সংগ্রামে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার তুলে ধরেছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) ‘ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বাণীতে তারেক রহমান বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের ধারাবাহিক লঙ্ঘন এ দিবসের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনিদের ওপর হামলা, ইসরায়েলি বসতির সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ বাধাগ্রস্ত করছে।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতিও বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক মানুষকে অনাহারে রাখা নিষিদ্ধসহ আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় দখলদার বাহিনীর বিভিন্ন বাধ্যবাধকতা ওই মতামতে পুনর্ব্যক্ত করা হয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতা ও আন্তর্জাতিক স্বীকৃতির প্রশ্নে বাংলাদেশের অবস্থান তুলে ধরে তারেক রহমান জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিশ্চিত করা এবং দখলদারিত্বের অবসানের আহ্বান জানান। জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টের পূর্বে রেকর্ড করা বক্তব্য উপস্থাপনের সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবকেও স্বাগত জানান তিনি।
গাজা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার পক্ষে মত দেন। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো এবং প্রাথমিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তা নিশ্চিত করার সুস্পষ্ট দায়িত্ব ওই মিশনকে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাণীতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্তর্জাতিক প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে। একই সঙ্গে স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সঙ্গে বসবাসের অধিকার নিশ্চিত করতে হবে ফিলিস্তিনিদের।
মতামত