ভারতের ঝাড়খণ্ডে দ্রুতগতির একটি এসইউভির সঙ্গে ভারী যানবাহনের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার পর ভারী যানবাহনটি পালিয়ে গেছে।
রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজ্যের রামগড় জেলার রাঁচি-পাটনা মহাসড়কের কুজু থানার পেইনকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এসইউভিটিতে চালকসহ মোট ১৪ জন যাত্রী ছিলেন। পথে একটি ভারী যানবাহনের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনকে মৃত ঘোষণা করা হয়। সব মিলিয়ে প্রাণ হারিয়েছেন ১৩ জন।
নিহত ও আহত ব্যক্তিরা সবাই বিহার রাজ্যের নালন্দা জেলার ঝাংহারো গ্রামের বাসিন্দা। তারা রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন। পাশাপাশি পরিবারের সদস্য বিবেক কুমারের স্ত্রী সরকারি শিক্ষক পদে চাকরি পাওয়ায় আনন্দ উদযাপনের পরিকল্পনাও ছিল তাদের।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধারকাজে অংশ নেন। পরিস্থিতি তদারক করতে ঘটনাস্থলে যান রামগড়ের ডেপুটি কমিশনার ঋতুরাজ, পুলিশ সুপার মুকেশ কুমার লুনায়াত এবং এসডিপিও অলোক রঞ্জনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রামগড়ের সাবডিভিশনাল পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জন জানান, ভারী যানবাহনের সঙ্গে এসইউভিটির সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। গাড়ির সব যাত্রীই বিহারের নালন্দা জেলার বাসিন্দা।
পুলিশ সুপার মুকেশ কুমার লুনায়াত বলেন, সংঘর্ষের পর ভারী যানবাহনটি পালিয়ে গেছে। সেটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনায় এসইউভিটি দুমড়েমুচড়ে গেছে।
রামগড় সদর হাসপাতালের সিভিল সার্জন চিকিৎসক অনিল কুমার জানান, হাসপাতালে নেওয়ার পর ১৩ জনকে মৃত ঘোষণা করা হয়। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, রামগড় জেলায় এর আগেও একাধিক প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের ২৬ জুন লারি-বারলং এলাকায় ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে তাশা বাদ্যদলের আট সদস্য নিহত হন। ধারাবাহিক এসব দুর্ঘটনায় অঞ্চলটির সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
মতামত