জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকারের একজন মন্ত্রী সব মন্ত্রণালয়ের কাজ পরিচালনা করছেন এবং প্রধানমন্ত্রীর কথাও ওই মন্ত্রীই বলছেন।
আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের মানুষ ভাগ্যবান উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘বর্তমান সরকারের আমলে সর্ববিষয়ে বিশারদ একজন মন্ত্রীও আপনারা পেয়েছেন। সত্যিই আপনারা ভাগ্যবান। এইরকম আরেকটা জেলা নাই, এক মন্ত্রী সকল মন্ত্রণালয় চালায়। এমনকি প্রধানমন্ত্রীর কথাও তাঁকে বলতে হয়। আমার কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তাঁর আশেপাশে কাদের উনি বসিয়েছেন।’
বিরোধীদলীয় নেতা বলেন, নির্বাচিত সরকার আসার পর চাঁদাবাজি বন্ধ হওয়ার আশা করেছিল জনগণ। কিন্তু বাস্তবে তা বেড়েছে। তারা ক্ষমতায় এসে দুর্নীতির টুটি চেপে ধরতে চেয়েছিল। এখন দেখতে যাচ্ছে, দুর্নীতিকে জাতীয়করণ করা হয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা ও বিশেষ অতিথির বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম)।
মতামত