আব্দুল আওয়াল : চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ট্রাকের বিপুল পরিমাণ যন্ত্রাংশ, ১০ টন পাথরবোঝাই একটি ট্রাক এবং একজন চোরাকারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুন রাত ৮টা ৪০ মিনিটে সোনামসজিদ বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাংলাদেশি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮) তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ট্রাকে বহন করা ভারতীয় পাথরের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক মো. মাহফুজুর রহমান (২৩)কে আটক করা হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাজিতপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া যন্ত্রাংশ, ১০ টন পাথর এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিসহ জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, এর আগেও গত ১৯ জুন মহানন্দা ব্যাটালিয়ন একটি পরিত্যক্ত পুকুরে অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ উদ্ধার করতে সক্ষম হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মতামত