গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম উপজেলার শিমুলতাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মুকুলের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত ছাত্রশিবির নেতা সাইফুল ইসলাম ও কর্মী সালাউদ্দিন বিষয়টির প্রতিবাদ জানান।
এ সময় মুকুল, তার সহোদর ভাই পলাশ এবং তাদের সহযোগী আশরাফ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে সাইফুল ইসলাম ও সালাউদ্দিনের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে দুজনই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলামকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে গুরুতর আহত সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থাও আশঙ্কাজনক।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বোনারপাড়া ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসেন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “একজন ছাত্রনেতাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। আমরা অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মতামত