নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৪ হাজার ৫৩২ টাকাসহ মো. হোসেন ওরফে কালু (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে নোয়াখালী জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
রোববার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর এলাকায় ফাতেমা অটো রাইস মিলের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আনোয়ার হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় কুতুবপুর এলাকার বাসিন্দা মো. হোসেন ওরফে কালুকে আটক করা হয়।
পরে তাঁর দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১৪ হাজার ৫৩২ টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
গ্রেপ্তার মো. হোসেন ওরফে কালু কুতুবপুর এলাকার সাহাব উল্লাহ ও মাহবুবা খাতুনের ছেলে। তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলায় মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত