বিশ্বমঞ্চে রূপকথার এক নতুন অধ্যায় লিখল দক্ষিণ আফ্রিকা। এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ‘বাফানা বাফানা’রা।
মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের বাঁচা-মরার ম্যাচে এশিয়ান দলটির বিপক্ষে এই ঐতিহাসিক জয় তুলে নেয় আফ্রিকার দেশটি। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে মেক্সিকোর সঙ্গী হয়ে পরের রাউন্ড নিশ্চিত করল তারা। আগামী ২৮ জুন লস অ্যাঞ্জেলেসে শেষ বত্রিশের লড়াইয়ে তারা সহ-আয়োজক কানাডার মুখোমুখি হবে।
অন্যদিকে, ম্যাচটি ড্র করলেই যেখানে নকআউট নিশ্চিত হতো, সেখানে এই হারে হৃদয়ভঙ্গ হয়েছে সন হিউং-মিনদের। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া অবশ্য এখনই পুরোপুরি ছিটকে পড়েনি।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ১২টি গ্রুপের মধ্যে সেরা আটটি ‘সেরা তৃতীয়’ দলের একটি হিসেবে শেষ বত্রিশের টিকিট পাওয়ার ক্ষীণ আশা এখনো টিকে আছে তাদের। তবে তার জন্য ভাগ্য আর সমীকরণের ওপর নির্ভর করে গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হওয়া পর্যন্ত চাতক পাখির মতো অপেক্ষা করতে হবে এশিয়ান জায়ান্টদের।
মতামত